লোড হচ্ছে...
বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ভিসা ও এনভিআর সেবায় সাময়িক বিঘ্ন দেখা দিয়েছে। বাংলাদেশ অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর—ডিআইপির কেন্দ্রীয় এমআরভি সার্ভার...
বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ভিসা ও এনভিআর সেবায় সাময়িক বিঘ্ন দেখা দিয়েছে। বাংলাদেশ অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর—ডিআইপির কেন্দ্রীয় এমআরভি সার্ভারে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ভিসা-সংক্রান্ত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে কেন্দ্রীয় মেশিন রিডেবল ভিসা বা এমআরভি সার্ভার পুরোপুরি সচল না থাকায় নতুন ভিসা আবেদন জমা, আবেদন প্রক্রিয়াকরণ, এনভিআর বা ‘নো ভিসা রিকোয়ার্ড’ সেবা এবং ভিসা ইস্যুতে বিলম্ব হচ্ছে।
ডিআইপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব কারিগরি সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে বলেও তিনি জানান।
কারিগরি জটিলতার কারণে কিছু আবেদনকারী অনলাইনে আবেদন জমা দেওয়ার পরও পরবর্তী ধাপ সম্পন্ন করতে পারছেন না। কোথাও কোথাও নির্ধারিত সময়ের মধ্যে ইমেইল না পাওয়া এবং আবেদন প্রক্রিয়ার অগ্রগতি জানতে সমস্যার সম্মুখীন হওয়ার অভিযোগও পাওয়া গেছে।
এই পরিস্থিতিতে সরকার আবেদনকারীদের কিছুটা অতিরিক্ত সময় দেওয়ার এবং আবেদন নিয়ে বারবার যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছে। সংশ্লিষ্ট কারিগরি দল কেন্দ্রীয় সিস্টেম দ্রুত পুনরুদ্ধারে কাজ করছে।
বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও এক জরুরি বিজ্ঞপ্তিতে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে।
এদিকে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি সমস্যার কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া কিংবা ভিসা-সম্পর্কিত বিভিন্ন সেবা গ্রহণে সমস্যার সম্মুখীন হতে পারেন।
সিস্টেম পুরোপুরি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তাৎক্ষণিক ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভর করে জরুরি ভ্রমণের পরিকল্পনা না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রীয় এমআরভি ব্যবস্থা সচল হলে এবং স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় শুরু হলে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।
বিদেশে থাকা বাংলাদেশি ও বাংলাদেশে ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীদের তাই সংশ্লিষ্ট মিশনের সরকারি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের হালনাগাদ তথ্য নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে