লোড হচ্ছে...
মাস্কাট: ডিজিটাল অর্থনীতির বিকাশ, বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ওমান সরকার। ২০৩০ সালের মধ্যে দেশটিতে ...
মাস্কাট: ডিজিটাল অর্থনীতির বিকাশ, বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে ওমান সরকার। ২০৩০ সালের মধ্যে দেশটিতে ৮৪টি ডিজিটাল অর্থনীতি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত জাতীয় ডিজিটাল অর্থনীতি কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
ওমানের পরিবহন, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মসূচি ও প্রকল্প প্রধান আহমেদ বিন আবদুল্লাহ আল বালুশি জানান, নতুন উদ্যোগগুলোতে জ্বালানি, উৎপাদন, পরিবহন ও লজিস্টিকসসহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সরকারি পরিষেবার ডিজিটাল অগ্রগতিকে বেসরকারি খাতের বিনিয়োগ, ব্যবসার সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজে লাগানোর লক্ষ্য রয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ওমানের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৯ শতাংশ আসে ডিজিটাল অর্থনীতি থেকে। গত পাঁচ বছরে দেশটির নাগরিকদের জন্য পাঁচ হাজারেরও বেশি প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ওমানিদের অংশগ্রহণ ২০২২ সালের ৫০ শতাংশ থেকে বেড়ে প্রায় ৭২ শতাংশে পৌঁছেছে।
ডিজিটাল পরিষেবার সম্প্রসারণেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে দেশটিতে প্রায় তিন হাজার সরকারি পরিষেবা সহজীকরণ ও ডিজিটাল করা হয়েছে এবং চালু করা হয়েছে প্রায় ৩০টি স্মার্ট অ্যাপ্লিকেশন। এর ফলে সরকারি পরিষেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়েছে এবং ইলেকট্রনিক পরিষেবার ব্যবহার বেড়েছে।
এদিকে, ওমানের বিভিন্ন গভর্নরেটে ডিজিটাল রূপান্তর কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিনিয়োগ আকর্ষণ, ডিজিটাল প্রকল্পের বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করা হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে দেশটি। পর্যায়ক্রমে জাতীয় ভাষাভিত্তিক এআই মডেল ‘মা'ঈন এআই’-এর ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তার মতে, আগামী পাঁচ বছরে ডিজিটাল প্রযুক্তিকে উৎপাদনশীল শিল্প ও ব্যবসার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা হবে। সরকারের প্রত্যাশা, এসব উদ্যোগের মাধ্যমে ওমানের অর্থনীতি আরও বহুমুখী হবে এবং প্রযুক্তিনির্ভর বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
Google AdSense Space
গুগল অ্যাডসেন্স অনুমোদনের পর এখানে বিজ্ঞাপন প্রদর্শিত হবে